জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুই ভাইয়ের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার নতুন তো মালিসিয়া গ্রামের লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো গণেশ কুন্ডুর মুদি দোকান এবং তার ভাই উত্তম কুন্ডুর গ্যাস সিলিন্ডারের দোকান। আগুনে দোকান দুটির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দোকানের পেছনে মজুত রাখা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, মুদি দোকানের পেছনে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনার কোনো লাইসেন্স ছিল না।
প্রতিনিধি/এসএস