Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ১২০০ ইয়াবা জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

এক হাজার ২০০ পিস ইয়াবাসহ ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গ্রেফতার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল ইসলাম (৩০) ময়মনসিংহ সদর উপজেলার চর ঘাগড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেফতার অন্য চারজন হলেন ত্রিশাল উপজেলার শাকির হোসেন (২৫), শহরের মধ্য বাড়েরা এলাকার জাকিরুল ইসলাম (৩২), সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সজীব মিয়া (২০) এবং শহরের সারদা ঘোষ রোড এলাকার উৎসব সিং সাগর (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জ্বল মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

ছাত্রদল নেতার গ্রেফতারের বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, মাদকসহ যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি জানার পর তিনি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন। মনিরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যক্তির দায় দল নেবে না।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রটি মাদক কারবারের সঙ্গে জড়িত।

প্রতিনিধি/এসএস