জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ গ্রামের ক্লাব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আতিয়ার রহমান গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম রিফিউজি পাড়ার মৃত ইমারুদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আতিয়ার রহমান। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আতিয়ার রহমান গাংনী থানায় দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলা দুটি হলো—২০১৭ সালের ১২ জুনের ১৭ নম্বর মামলা এবং ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারির ৬ নম্বর মামলা।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস