Dhaka Mail Logo

সারাদেশ

যুবদলকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, এরা আপনাদের ভাই: মুন্না

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ১২:২৫ এএম

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদলকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। তাঁরা আপনাদেরই ভাই। দলীয় স্বার্থে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মৌলভীবাজারে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এম এ মোহিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত ও মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান, সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাবেক যুবদল নেতা ও কেন্দ্রীয় নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এআর