Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়রামপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে সনি ব্রিকস ও দোয়েল ব্রিকস নামের দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার অভিযোগে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসে প্রথমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাটাটির চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। পরে দর্শনা-হিজলগাড়ী সড়কের পাশে অবস্থিত দোয়েল ব্রিকসে অভিযান চালিয়ে সেখানকার বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন জানান, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যেসব ইটভাটা সরকারি নিয়মনীতি মেনে পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে নীতিমালা লঙ্ঘনকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিধিবিধান নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

এআর