Dhaka Mail Logo

সারাদেশ

বাধার মুখে এক দিনেই শেষ সাদপন্থিদের ইজতেমা

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

নরসিংদীর মনোহরদীতে জুবায়েরপন্থীদের প্রবল বাধার মুখে প্রশাসন ও দু’পক্ষের আলোচনার ভিত্তিতে সাদপন্থিদের তিন দিনব্যাপী জেলা ইজতেমা একদিনেই সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ ফজর থেকে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হওয়া ইজতেমা মাগরিবের পরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

এর আগে, ইজতেমা ঘিরে সাদ এবং জুবায়ের পন্থিদের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধের দেখা দেয়।

জানা যায়, মনোহরদী উপজেলার হেতিমদী গ্রামের মাঠে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিন দিনব্যাপী নরসিংদী জেলা ইজতেমার আয়োজন করেন। তাদের এই ইজতেমা বন্ধের দাবিতে মাঠে নামে মাওলানা জুবায়েরপন্থীদের গ্রুপটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উভয় পক্ষের সঙ্গে জরুরি বৈঠক ও সমঝোতার উদ্যোগ নেন। এবং প্রশাসনের আদেশে মোনাজাতের মাধ্যমে তিন দিনের ইজতেমার কার্যক্রম এক দিনেই শেষ হয়।

জানা যায়,নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা উপলক্ষ্যে এসেছিল। স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় তারা রাতে মাঠে থাকারও সুযোগ পায়নি। ফলে দূরদূরান্ত থেকে আগত ইজতেমার মুসল্লিরা রাতের অবস্থান নিয়ে বিপদে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি বলেন, আমার বাড়ি বগুড়া। ইজতেমা উপলক্ষ্যে ঢাকা থেকে আমাদের জামাত এখানে আসে। এখন তো রাতে থাকার কোনো ব্যবস্থা নেই। 

এ বিষয়ে কথা বলতে চাইলে কোনো পক্ষেই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষের সম্মতিতে তিন দিনের পরিবর্তে কেবল একদিন ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ ফজর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে বাদ মাগরিব আখেরি মোনাজাতের মাধ্যমে তা সমাপ্ত ঘোষণা করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষেই ইজতেমার সময়সীমা একদিনে এনে কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রতিনিধি/এজে