Dhaka Mail Logo

সারাদেশ

অক্টোবরে তৃতীয়বার ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

অক্টোবর মাসে তৃতীয়বার ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনে তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অক্টোবরের শেষ দিকে এসেও ফেনীতে তীব্র গরমের এমন পরিস্থিতিতে জনজীবনে অস্বস্তি বেড়েছে। 

ফেনী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় (১৫.৫ ডিগ্রি সেলসিয়াস)।

এর আগে, গত ২৮ অক্টোবর বুধবার ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনী, বাঘাবাড়ী ও রামগতিতে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত ৮ অক্টোবর ফেনী ও রামগতিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বলে আগের আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া, গত ২৬ সেপ্টেম্বর ফেনী ও শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৯ সেপ্টেম্বর ফেনীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের তথ্যও ওই প্রতিবেদনে ছিল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সকাল থেকেই গরম অনুভূত হলেও দুপুরের পর তা আরও তীব্র হয়ে ওঠে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘরে ও বাইরে উভয় জায়গাতেই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।

এ অবস্থায় প্রয়োজন ছাড়া দিনের তীব্র রোদে বাইরে না যাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান, ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘ সময় বাইরে কাজ করা মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

আবহাওয়ার এই পরিস্থিতিতে দিনের বেলায় বাইরে বের হওয়া ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা দীর্ঘ সময় রোদে কাজ করতে গিয়ে গরমের কারণে শারীরিক অস্বস্তিতে পড়েছে।

প্রতিনিধি/ এজে