Dhaka Mail Logo

সারাদেশ

হত্যা মামলায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিনজনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলায় এবং অপরজনকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার মো. লিটন শেখ (৪৫), দত্তবাড়ি মহল্লার ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার যুবলীগ কর্মী চান সেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুলিবাড়ী গ্রামের মো. আরমান (৩৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বুধবার (২৮ অক্টোবর) রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কামারখন্দ থানার ওসি মো. হাসেম আলী বলেন, বুধবার ভোরে মহাসড়কে মিছিল করে যুবলীগ। রাতে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্ব দেওয়া যুবলীগ নেতা আরমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/এলএ