Dhaka Mail Logo

সারাদেশ

সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে: ডেপুটি স্পিকার

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুল ফিডিং কর্মসূচিতেও অনিয়ম হচ্ছে। এতে ঠিকাদারদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘শিক্ষাঙ্গণ থেকে জাতীয় ভাবনা-শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীনতার এত বছর পরও কেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়নি, তা নিয়ে ভাবতে হবে। কিছু দুর্নীতিবাজের কারণে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

তিনি বলেন, সমাজ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই একদিন সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেবে। ২০২৪ সালের গণ-আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে, তেমনি দেশ ও সমাজের কল্যাণে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মোবাইলের ভেতর লেখাপড়াকে সীমাবদ্ধ করে ফেলেছিল। যার কারণে পরস্পর শ্রদ্ধাবোধ উঠে গিয়েছিল।

আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেম গড়ে উঠুক। তাই এসব মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ আলহাজ জি কে গউছ এমপি। এ সময় পুলিশ সুপার তারেক মাহমুদ, হবিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে