জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
ফেনীতে দ্রুতগতির সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ফেনী সদর হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ে প্রবেশের সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা দুই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ ঘটনার পর শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরে শিক্ষার্থীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিন দফা দাবিতে একটি লিখিত আবেদন জমা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিদ্যালয়ের সামনে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে গতিরোধক নির্মাণ, অননুমোদিত সিএনজি স্ট্যান্ড অপসারণ এবং বিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বখাটেদের আনাগোনা ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা।
জিএ একাডেমির প্রধান শিক্ষক বলেন, দুর্ঘটনা রোধে বিদ্যালয়ের সামনে অবিলম্বে কার্যকর গতিরোধক স্থাপন করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড স্থায়ীভাবে অপসারণ করা প্রয়োজন।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে গেছে।
প্রতিনিধি/এলএ