Dhaka Mail Logo

সারাদেশ

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক আইনজীবী ও তার স্ত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকায় অ্যাডভোকেট আলমগীর হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অভিযানে মোট ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ উদ্ধার করা হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রতিনিধি/এসএস