জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম
নদীই তাদের ঘর, নৌকাই ঠিকানা। জীবিকার তাগিদে নদীতে মাছ ধরে কাটে জীবন। কিন্তু মৃত্যুর পর স্বজনের মরদেহ দাফনের জন্য এক টুকরো জমিও ছিল না বরিশালের মান্তা সম্প্রদায়ের অনেক পরিবারের। এবার সেই দীর্ঘদিনের সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন।
বরিশাল সদর উপজেলার লাহারহাট, চরবাড়িয়া ও আশপাশের নদ-নদীতে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বসবাস করছে মান্তা সম্প্রদায়। নৌকাকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর অনেকেরই নেই স্থায়ী বসতভিটা। জীবনের নানা সংকটের পাশাপাশি মৃত্যুর পর দাফনের জায়গা না পাওয়াও ছিল তাদের বড় দুর্ভোগ। কবরস্থানের অভাবে স্বজনের মরদেহ দাফন নিয়ে অনেক সময় চরম অনিশ্চয়তায় পড়তে হতো তাদের।
মান্তা সম্প্রদায়ের সদস্য রহিমা বেগম বলেন, আমাদের জীবন কাটে নদীতে, নৌকায়। নিজেদের স্থায়ী জায়গা-জমি নেই বললেই চলে। পরিবারের কেউ মারা গেলে কোথায় দাফন করব, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এখানে কবরস্থান হলে আমাদের সেই কষ্ট কমবে।
এবার সেই দুর্ভোগ লাঘবে বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সিংহেরকাঠী আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন খাসজমিতে কবরস্থান নির্মাণের কাজ চলছে। প্রায় এক একর জমিতে গড়ে তোলা হচ্ছে কবরস্থানটি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা জানান, কবরস্থান নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মান্তা সম্প্রদায়ের পাশাপাশি ছিন্নমূল যেকোনো মানুষও কবরস্থানটি ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ