জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম
শরীয়তপুরের জাজিরায় ঢাকা অভিমুখী মহাসড়কে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাত যাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন কালু বেপারী কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৭৭) কালু বেপারী কান্দি এলাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৪৭২) এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে গুরুতর আহত হন আরও সাত যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করেন। একই সঙ্গে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক সময় অভিযোগ দিতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বাদী হয়ে মামলা করতে হয়। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে