Dhaka Mail Logo

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

ফরিদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে ইসমাইল মোল্লা (৫৬) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের একটি গ্রামে মুদি দোকানের পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় ইসমাইল মোল্লা তাকে দোকানঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানালে ওই বছরের ২১ ডিসেম্বর শিশুটির বাবা নগরকান্দা থানায় ইসমাইল মোল্লাকে একমাত্র আসামি করে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রায়ে আমরা সন্তুষ্ট।

প্রতিনিধি/এলএ