Dhaka Mail Logo

সারাদেশ

দুই অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল সাত বছরের শিশুর

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে প্রতিযোগিতার সময় একটি উল্টে শিশুর ওপর পড়ে। এতে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাউদা মনি উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও এলাকার ফরিদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুটি অটোরিকশা ওমরগাঁও বাজার থেকে কলমাকান্দা শহরের দিকে যাচ্ছিল। এ সময় সাউদা মনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অটোরিকশা দুটি একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছিল। একপর্যায়ে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা উল্টে শিশুটির ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস