Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে যুবক তাইজুল সরদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

মাদারীপুরে আলোচিত যুবক তাইজুল সরদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এর আগে সদর উপজেলার কুলপদ্বী ও কালকিনি উপজেলার আলীনগর থেকে ব্যানার, ফ্যাস্টুন ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েকশ' নারী-পুরুষ। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার পরিকল্পিতভাবে তাইজুল সরদারকে ডেকে নিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

বক্তারা বলেন, মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবারের সদস্যরা। অনতিবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা।

গত ২২ অক্টোবর সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের ওপর বোরকা পড়ে হামলা করতে গিয়ে পাল্টা হামলায় খুন হন তাইজুল সরদার। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কালকিনি থানায় মামলা করা হয়।

প্রতিনিধি/এলএ