Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুরে ক্যাথলিক খ্রিস্টানদের বৃহত্তম তীর্থোৎসব শুরু

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

দক্ষিণ এশিয়ার ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত ‘ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থোৎসব’ শুরু হয়েছে বিকেল ৩টা থেকে। 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিকতা চলবে। 

‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে দেশ ও বিদেশ থেকে প্রায় অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়। 

বিকেল ৩টায় পাপস্বীকার পর্বের মধ্যদিয়ে এবারের তীর্থোৎসবের সূচনা হয়। এর পরদিন অর্থাৎ শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ এবং মহা খ্রিস্টযাগে অংশগ্রহণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এই ২৮তম বার্ষিক আয়োজনটির। উৎসবের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— পবিত্র খ্রিস্টযাগ, মনোমুগ্ধকর আলোক শোভাযাত্রা, সাক্রামেন্টের আরাধনা এবং সারা রাতব্যাপী নিশিজাগরণ।

এদিকে, উৎসবমুখর পরিবেশে পুণ্যার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ, এসআরবি, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বারোমারী ধর্মপল্লীটি। পরবর্তীতে ১৯৯৮ সালে পর্তুগালের ঐতিহাসিক ‘ফাতেমা নগরী’র আদলে এটিকে একটি পূর্ণাঙ্গ তীর্থস্থান হিসেবে রূপ দেওয়া হয়। সেই থেকে প্রতিবছর ফাতেমা রাণী মা মারিয়ার বিশেষ করুণা ও আশীর্বাদ পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও পুণ্যার্থীরা এখানে ছুটে আসেন। নিজেদের মনোবাসনা পূর্ণ করা, পাপমোচন এবং আত্মিক প্রশান্তির প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো ধর্মীয় প্রাঙ্গণ।

প্রতিনিধি/এলএ