Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়ে রোগীদের জিম্মি করলেন ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর স্বজনদের ‘মারধরের’ ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক।

আহতরা হলেন- দৈনিক ‘শ্যামল সিলেট’ পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও ‘সিলেট ভিউ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। তারা উভয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আঘাতের স্থানে একাধিক সেলাই লেগেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে।  

এ ঘটনার পর কোনো অনুশোচনা না করে উল্টো কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হয়। তারা লাঠিসোঁটা হাতে হাসপাতালের অভ্যন্তর ও ফটকে অবস্থান নেন।

ওই সময় রোগীর স্বজনদের কয়েকজনকেও ধরে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া যায়। উদ্ভুত পরিস্থিতিতে অনেকে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছাড়তে দেখা যায়।

কর্মবিরতি চলাকালে হাসপাতাল চত্বরে তিনজন রোগীর মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর রোগী নিয়ে স্বজনদের অনেককে আর্তনাদ ও কান্না করতে দেখা যায়।

এ বিষয়ে কথা বলতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে হাসপাতালের উপ-পরিচালক ডা. বদরুল আলম বলেন, আমরা ঘটনাটি জেনেছি। পরিস্থিতি নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠক করা হবে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, সাংবাদিক আক্রান্তের ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

তিনি বলেন, এটা সত্য যে সাংবাদিকরা সেখানে মারামারি করতে যাননি। তারা দায়িত্ব পালন করতে গেছেন। তাদের ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা বিষয়টি দেখছি।

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। তারা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সাংবাদিক নেতারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটে সকল সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেলের সভাপতিত্বে ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ আহমদ রনির পরিচালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদ হোসেন প্রমুখ।

প্রতিনিধি/এলএ