জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি একনলা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন অংশ এবং বিপুল পরিমাণ সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের এক অস্ত্র কারিগরকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘর থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্ল্যার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারি ঘরে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি বন্দুকের বাট রাখার বস্তু, একই দেশীয় তৈরি এলজির লোহার বাট, একটি দেশীয় তৈরি বন্দুকের কাঠের বাট, লোহার তৈরি বন্দুকের বডির বিভিন্ন অংশ, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃতি তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেত বা ফাইল, একটি লোহার ট্রিগার, একটি বোল্ড এবং আট পিস ছোট-বড় এসএস স্টিলের অংশ।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।