জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।
শুকুরজান বিবি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শুকুরজান বিবি পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মুখমণ্ডলের বাম পাশ, বাম চোখ ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনেরা এসে মরদেহ নিয়ে যান।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি