জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম
সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় এক ইউপি সদস্যসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সাগর আলী শেখের ছেলে আলম শেখ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের নেফাউর মন্ডলের ছেলে রেজাউল করীম ও মোশারফ হোসেনের ছেলে সাকির আলী এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের আবু তাহের আকন্দের ছেলে বাচ্চু মিয়া আকন্দ।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এনামুল করীম শাহীন এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, ২০২৩ সালের ৫ মে মাদক বিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ জেলখানা ঘাট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ আলম শেখকে আট করে পুলিশ।
অপরদিকে, ২০১২ সালের ২২ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ রেজাউল করীম ও সাকির আলীকে গ্রেপ্তার করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
এদিকে, ২০১৫ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামে ইউপি সদস্য বাচ্চু মিয়া আকন্দের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ইউপি সদস্যের ঘরের সোকেসের মধ্য থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (শাহজাদপুর মার্কেল) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ তিনটি মাদক মামলার এ রায় প্রদান করেন।
প্রতিনিধি/এজে