জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে বাস ও ট্রাকের সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এস আই শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাক ও বাস জব্দ এবং ট্রাকচালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। তবে বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।
প্রতিনিধি/এলএ