Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ঘটনায় মামলা, আসামি ৮১ জন

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এ মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার দক্ষিণ গিদারী এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সেমিনার আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বাদী। তাঁর অভিযোগ, একদল ব্যক্তি বিএনপির কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের মারধর করেন এবং চেয়ার-টেবিল, ব্যানার, ফেস্টুন, দলীয় নেতাদের ছবি ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন।

এজাহারে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও করা হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

মামলার এজাহারে কবির হোসেনসহ কয়েকজনের আহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। বাদীপক্ষের দাবি, আহত কবির হোসেনকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় ২৬ অক্টোবর মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

প্রতিনিধি/এজে