Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও একটি মুঠোফোনসহ মো. সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক জব্দমূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় এ অভিযান চালায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ওই দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটক মো. সবুজ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিহানগর বিওপির একটি টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে রাণীশংকৈল হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল সম্ভাব্য এলাকায় অবস্থান নিয়ে ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।

একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহলদল ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাক থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ট্রাকে থাকা মো. সবুজকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও মুঠোফোনসহ তাঁকে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগিতা করে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস