Dhaka Mail Logo

সারাদেশ

২ মাসেও পদক্ষেপ নেই, দ্বারে দ্বারে ঘুরছেন ছিনতাই শিকার ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় গভীর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তম ভক্ত নামে এক ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা কয়েক হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী কেঁড়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় গত ১৬ আগস্ট ওই ব্যবসায়ী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার দুই মাস পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি কালকিনি থানা পুলিশ।  অথচ, ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীর ওপর ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে ছিনতাই চক্রের সদস্যরা।

ছিনতাইয়ে অভিযুক্তরা হলেন- মো. গাজী ও রফিক মোল্লা। তারা দুজনই কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ব্যবসায়ীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় হাতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে স্থানীয় গাজী ও রফিক মোল্লা দুই শীর্ষ ছিনতাইকারী ব্যবসায়ীর পথরোধ করে। এরপর তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রান নাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় একজন চোখে টর্চ লাইটের আলো জ্বালিয়ে গলা চেপে ধরে হত্যা করার চেষ্টা করে সাথে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী অভিযোগে আরও উল্লেখ করেন, আমার টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পর আমি চিৎকার করলে আশপাশের স্থানীয় লোকজন আসলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর আমাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বিষয়টি আমার পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে আমি থানায় এজাহার দায়ের করি।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। দুই মাস পার হয়ে গেলেও মামলা দায়ের কিংবা আসামিকে গ্রেফতারের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি পুলিশকে। উল্টো ছিনতাইকারীরা গত দুইদিন আগে মোটরসাইকেলে আমার দোকানের সামনে এসে আমাকে হুমকি দিয়ে যায়। এসময় তারা দোকান চালাতে হলে প্রতি মাসে তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে কালকিনি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারিহা রফিক ভাবনা বলেন, এ বিষয়টি আমার জানা নেই। বিষয়টি জেনে আমি আইনগত ব্যবস্থা নিতে এখনই নির্দেশ দিচ্ছি।

এছাড়াও, কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ বিষয়ে আমার বাদীকে পাইনি। তিনি একটা লিখিত অভিযোগ দিয়েছেন এরপর আর তার খবর নেই। এ ছাড়াও, গত কয়েকদিন আগে তাকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সে বিষয়ে তিনি আমাদের কাছে মৌখিকভাবে জানিয়েছেন। তাও আবার অন্য আরেকেজনের মাধ্যমে বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টার করে যাচ্ছি।

একেএস/এএম