জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আহলে হাদিসের ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইজতেমায় মুফতি মনির উদ্দিনের অংশগ্রহণের বিরোধিতা করে মানববন্ধন করেছে একটি পক্ষ। তবে ইজতেমার বিরোধিতা না করলেও তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার আন্ধারিয়াপাড়া আহলে হাদিসের কেন্দ্রীয় মারকাজ মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম’ সংগঠনের নাম ব্যবহার করে ফুলবাড়ীয়া ইউনিয়নের ইচাইল মীনা বাজার এলাকায় অবৈধভাবে ইজতেমার আয়োজন করা হচ্ছে। তাদের দাবি, মুফতি মনির উদ্দিন আগে প্রায় ২২ বছর সংগঠনটির দায়িত্বে ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ইজতেমা আয়োজনের চেষ্টা করে জায়গা না পেয়ে আন্ধারিয়াপাড়া বাজারের কেন্দ্রীয় মারকাজ মসজিদের পাশের গ্রাম ইচাইলে তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়েছে।
তারা বলেন, ইজতেমা আয়োজনের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তবে মুফতি মনির উদ্দিন সেখানে উপস্থিত হলে জনতাকে সঙ্গে নিয়ে তাকে প্রতিহত করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের কেন্দ্রীয় আমির ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী, সহকারী আমির আলহাজ আব্দুর রহমান চৌধুরী, আন্ধারিয়াপাড়া কেন্দ্রীয় মারকাজের হেড আমির আলহাজ আব্দুল মজিদ খান, আজাহিউল ইসলাম, আব্দু মালেক, মারকাজ মসজিদের ইমাম শায়েখ মাহবুবুর রহমান, জিয়াউল হক জিয়া ও হাফেজ মফিজুল ইসলামসহ অন্যরা।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি মনির উদ্দিনের পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) থেকে মুফতি মনির উদ্দিনের পক্ষের উদ্যোগে তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি/এসএস