Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় শফিউল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শফিউল্লাহ (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শফিউল্লাহ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ অক্টোবর আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর এলাকায় শফিউল্লাহর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ি থেকে ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৪৪ মিলিলিটার ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য ছিল ৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় শফিউল্লাহর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক কার্যক্রম চলাকালে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিউল্লাহকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম জানান, আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মাদকের বিস্তার রোধে এ ধরনের রায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নেও এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধি/এজে