জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে ৬টি মোবাইল টহল দল ও ২টি স্ট্রাইকিং রিজার্ভ দল। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, সন্দেহজনক বস্তু শনাক্তে ডগ স্কোয়াড এবং বিস্ফোরক মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনী এলাকার নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩।
নিরাপত্তা কার্যক্রমে সন্দেহজনক বস্তু শনাক্তে ডগ স্কোয়াড, বিস্ফোরক-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। এ ছাড়া দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম।
সংবাদ সম্মেলনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব ও উস্কানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়া এবং কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়।
এসআরবি-১৩ জানিয়েছে, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে তারা।
প্রতিনিধি/এমআর