Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, বাবা-ভাই আহত

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আশিকুর জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০) আহত হয়েছেন। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাকুর দোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুর ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আছিরউদ্দিনের সঙ্গে তার ভাই আমিন উদ্দীনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন উদ্দীনের ছেলে নজরুল (৫০) ও ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) শাবল ও দা নিয়ে আছিরউদ্দিনের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

এ সময় আশিকুর জামানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হন তার বাবা আছিরউদ্দিন ও ভাই আশরাফুজ্জামান।

পরে রাত ১টার দিকে আশিকুরকে মুমূর্ষু অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আশিকুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহতের মরদেহ মর্গে রয়েছে। আহত দুজন চিকিৎসাধীন।

প্রতিনিধি/এসএস