Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

নিহত কার্তিক স্থানীয় ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া পাছর বড়বাড়ি চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, কার্তিকের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস