২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ এএম
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের নতুন ভবনে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তীব্র গরমে বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহাতে হয় আইসিইউ, মেডিসিন, আইসোলেশন ও সার্জারি ওয়ার্ডের রোগী ও তাঁদের স্বজনদের।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে দুর্বৃত্তরা সাব-স্টেশনের ভেন্টিলেশন ফ্যান খুলে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে মেরামতের কাজ শুরু হয়। পরে দুটি বিদ্যুৎ লাইনের একটি বেলা ১১টার দিকে এবং অন্যটি বিকেল ৫টার দিকে চালু করা হয়।
সাব-স্টেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা সাব-স্টেশনে ঢুকে ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং সব তামার ক্যাবল খুলে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে তাঁরা মেরামতের কাজ শুরু করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, চোরেরা সব ক্যাবল নিয়ে গেছে। এর আগেও হাসপাতাল ভবনের থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করব।
এদিকে, সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা aহাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনিসুল হক বলেন, সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর নিরাপত্তার দায়িত্ব তাদের। পাহারা না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন চন্দ্র দাস জানান, এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রতিনিধি/ইএইচ