নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ এএম
মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, ব্যক্তিগত লোভ সংবরণ ও মাদক নির্মূল করতে না পারলে আদর্শিক যুবদল গড়ে তোলা সম্ভব নয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, যুবদলকে আরও পরিশ্রমী ও শক্তিশালী হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সুশৃঙ্খলভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুললে জনগণ যুবদলের পাশে থাকবে।
তিনি আরও বলেন, চাঁদপুরের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চাঁদপুর ইপিজেডে চাকরি করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাঁর পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন তাঁরা। যারা দেশে ফিরতে চান, তাঁদের জন্য দরজা খোলা; তবে আগের দিনের কথা ভুলে যেতে হবে। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
তিনি বলেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ইএইচ