Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুর হাসপাতালে মারামারির ঘটনায় ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে স্বেচ্ছাসেবকদল নেতা জুয়েল হোসেনকে বেদম পিটুনি দেয় ছাত্রদল নেতা শাহেদ। মারধর করার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত আব্দুর রহমান শাহেদকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের দুইদিন পর পুলিশ তাকে আটক করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী শাহেদকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সন্ধ্যার দিকে জেলা শহরের উত্তর তেহমুনী এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার ডিবিপুলিশের সদস্যরা শাহেদকে আটক করে।

আটক শাহেদ দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন ও বাঞ্ছানগর গ্রামের ফিরোজ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ডিবি পুলিশ অভিযানে নামে।

পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।