জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) বিদেশি বিনিয়োগের পথে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন শুরু করা বিভিন্ন কারখানা ও নির্মাণাধীন নৌ-জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।
মুখ্য সচিব বলেন, “গত মাসে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে গেছেন। আজ আমাকে পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ বিনিয়োগের ক্ষেত্রে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো দ্রুত সমাধানে সরকার কাজ করছে। এর মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য সালেহ আহমদ, ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বেপজা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পরে তিনি বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ করেন।
তিনি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স ও কিয়াম গ্লাসওয়্যার কারখানাও পরিদর্শন করেন। এ সময় কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির প্রকল্প সমন্বয়ক মশিউর রহমান ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন তাঁকে কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান।
বেজা সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ইতোমধ্যে ৩০টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। এ ছাড়া আরও ১৫টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে। এসব প্রতিষ্ঠান চালু হলে নতুন করে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস