Dhaka Mail Logo

সারাদেশ

চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা, বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রাথমিক শিক্ষায় খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এ বই সংযোজন করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, নতুন বইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, বাংলাদেশের খেলাধুলার ইতিহাস এবং বিভিন্ন ধরনের খেলা সম্পর্কে বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। নতুন প্রজন্মকে ডিজাইসের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের মানুষ খেলাধুলাপ্রেমী। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দিচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

3a186e43-6668-46cf-81f4-3f466e43f2fd

প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসর আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী একযোগে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধন করবেন। এবারের আসরে ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

খেলাধুলার প্রসারে মাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ১৩টি সিটি করপোরেশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে মাঠ নির্মাণ ও সংস্কারের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এলে সেগুলো যাচাই করে সংস্কার এবং আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

dff92f62-5269-4f4c-afba-34bfed5f25ca

উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার ও বিভাগীয় কমিশনার খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শুরু হওয়া ১৪টি দলের অংশগ্রহণে আয়োজিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ দলকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘শের ই বাংলা ফুটবল একাদশ’।

প্রতিনিধি/এসএস