Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজার চুরি হওয়া গরু উদ্ধার, আটক ৪

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে চুরি হওয়া দুটি গরু সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক জরিফ উদ্দিনের বাড়ির পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন খালি জায়গায় দুটি গরু বেঁধে রেখেছিলেন। সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

ঘটনার পর চুরি হওয়া গরু উদ্ধারে তৎপর হয় পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত ও গরু উদ্ধারে অনুসন্ধান চালানো হয়।

পরে মঙ্গলবার ভোরে পুলিশের সহায়তায় রাজনগর উপজেলার অন্তহরি গ্রামে অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার ও রুবেল সরকার (২৪) এবং দীপন সূত্রধরকে (২০) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কাদিপুর গ্রামে এলেমান মিয়ার (৩৮) গোয়ালঘর থেকে গরু দুটি উদ্ধার করা হয়। এ সময় স্বপন সরকার (২৩) নামের আরও দুজনকে আটক করে পুলিশ।

গরুর মালিকের অভিযোগ, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে গরু দুটি চুরি করেছিলেন। গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রতিনিধি/ এজে