Dhaka Mail Logo

সারাদেশ

বিরামপুরে চাকরির আশায় মেলায় ৩০ হাজারের বেশি প্রার্থীর ভিড়

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

দিনাজপুরের বিরামপুরে চাকরির আশায় চাকরির মেলায় ভিড় করেছেন হাজারো তরুণ-তরুণী। দিনব্যাপী এ মেলায় অংশ নিতে আগেই নিবন্ধন করেছেন ২৫ হাজার চাকরিপ্রার্থী। আয়োজকদের ধারণা, নিবন্ধিত প্রার্থীদের বাইরে আরও অনেকে অংশ নেওয়ায় মেলায় সমাগম ৩০ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিরামপুর সরকারি কলেজ মাঠে এ চাকরির মেলা শুরু হয়। সকাল ৮টা থেকেই দূরদূরান্ত থেকে চাকরিপ্রার্থীরা মাঠে আসতে শুরু করেন। মেলা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে সরকারি-বেসরকারি ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

দিনাজপুর সদর উপজেলার কাঞ্চন কলোনি থেকে চাকরির আশায় মেলায় এসেছেন আবির হোসেন। তিনি বলেন, “তিন বছর আগে এসএসসি পাস করেছি। অভাবের কারণে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন একটি কাপড়ের দোকানে কাজ করি। কিন্তু সেখানকার বেতন দিয়ে সংসার চালানো কঠিন। তাই চাকরির আশায় মেলায় এসেছি। এখন দেখা যাক, ভাগ্যে কী আছে।”

চাকরিপ্রার্থী আশা রায় বলেন, “মফস্বল এলাকায় সাধারণত এত বড় চাকরির মেলা দেখা যায় না। তাই একটি চাকরি পাওয়ার আশায় এখানে এসেছি।”

আরেক চাকরিপ্রার্থী আকরাম হোসেন বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটি চাকরি খুবই প্রয়োজন। সেই আশায় মেলায় এসেছি। তবে এখানে প্রচণ্ড ভিড়। শেষ পর্যন্ত সিভি জমা দিতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় আছি।”

আয়োজকেরা জানান, সোমবার পর্যন্ত মেলায় অংশ নিতে ২৫ হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। তবে যারা নিবন্ধন করতে পারেননি, তাদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ কারণে মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা তাদের।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করছেন। বিএনপি সরকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে। বিরামপুরের চাকরির মেলায় আমাদের ধারণার চেয়েও বেশি নিবন্ধন হয়েছে।”

প্রতিনিধি/এসএস