জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, একটি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, দখল হওয়া সম্পত্তি উদ্ধার এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক ও সচেতন এলাকাবাসী যৌথভাবে এর আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও এ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এস এম রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তাদের অভিযোগ, ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। পাশাপাশি হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
মানববন্ধন থেকে রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রতিনিধি/এসএস