Dhaka Mail Logo

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৫০টি ভারতীয় মোবাইল জব্দ

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৫০টি বিভিন্ন মডেলের স্মার্টফোনের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর তেলকুপি সীমান্ত ফাঁড়ি (বিওপি)-র একটি চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৭৯/৪-এস এলাকা দিয়ে চোরাচালানিরা অবৈধ পণ্য আনছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জিরো লাইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দলটি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে কেটে পড়লে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে এবং এ বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​তিনি আরও বলেন, সীমান্তে যে-কোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি কঠোর ও ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে