Dhaka Mail Logo

সারাদেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টুর ৩ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে নেওয়া হলে শুনানি শেষের বিচারক এ আদেশ দেন।

এর আগে ডিবি পুলিশের হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত ১৯ অক্টোবর বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় একটি মামলা করেন।

তার আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু হয়। এরপরই পুলিশ হামলাকারীদের শনাক্তে তৎপর শুরু করেন। রাতেই ডিবি পুলিশ মো. নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নেয়। প্রথমে তাকে গুরুদাসপুর থানায় নেওয়া হয় এরপর সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নাটোর ডিবি কার্যালয়ে আনা হয়।

নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র রিমান্ডে

জানা গেছে, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে পৌঁছলে হেলমেট পরা অবস্থায় দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে শাকিলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পুলিশ আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতিনিধি/ এআর/এজে