Dhaka Mail Logo

সারাদেশ

স্থানীয় উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন গাইবান্ধায় এক আলোচনা সভার বক্তারা। তারা বলেছেন, তরুণদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা এবং কার্যকর সমাধান বের করা সহজ হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডের দেশি ভোজ রেস্টুরেন্টে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের আয়োজনে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি ও আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় তরুণদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যুব সংগঠনগুলোর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নীতিনির্ধারণী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি লিঙ্গবৈষম্য দূরীকরণ, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক কুসংস্কার প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলোচনায় ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতার বিষয়টিও গুরুত্ব পায়। অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার হয়রানি প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত এবং তথ্য যাচাই করে গণমাধ্যম ব্যবহারের বিষয়ে তরুণদের সচেতন করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান, উপদেষ্টা আফরোজা বেগম লুপু, এবিএম জিল্লুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান, প্রকল্প কর্মকর্তা আতহার মিহদা তুবা এবং হিসাব কর্মকর্তা রঞ্জন দেবনাথ।

আয়োজকেরা জানান, শিক্ষা, যুব উন্নয়ন, জলবায়ু কার্যক্রম, সামাজিক উদ্ভাবন ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন। ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

প্রতিনিধি/ এজে