জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। এর মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেতায়েদপুর) গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে পীরেরগাঁও (চন্ডি হেতায়েদপুর) গ্রামের আরব আলীর ছেলে আলমগীর ও একই গ্রামের আছির উল্লাহর ছেলে কাশেমের সঙ্গে জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরা নিয়ে ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে আলমগীরের পক্ষের মতিউর রহমান সুলফির আঘাতে গুরুতর আহত হন মতিউর। এরপর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই মতিউর রহমান মারা যান। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রতিনিধি/এমআর