Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকসহ যে-কোনো ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি/ এজে