Dhaka Mail Logo

সারাদেশ

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সাতজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্য বিভাগের কর্মকর্তা, আনসার সদস্য ও নৌযানের কর্মচারীসহ সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা জেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া দলটির ওপর ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা রামদা ও লাঠিসোঁটা ব্যবহার করেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় তাদের বহরের গতিরোধ করা হয়। পরে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।

f0591025-fbf7-448a-afa6-14ae4a38ba16

হামলায় মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। আহত অন্যরা হলেন আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, নৌযানের মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।’

518ec5c3-e453-455c-903a-fbb4f09abf37

তিনি আরও বলেন, হামলাকারীরা চালক ও মাঝিকে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তারা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।

এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি জেলা মৎস্য কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস