জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সকাল ১১টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি