জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম
খুলনার বটিয়াঘাটায় মো. সোহেল শেখ (৩৪) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত সোহেল শেখ বড় কড়িয়া গ্রামের গনি শেখের ছেলে। তিনি বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি সড়কের পাশে মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
আরও পড়ুন
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, সোহেল পারভেজ ওরফে সোহেল শেখের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/টিবি