জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ বাস্তবায়নে ফেনী নদীতে দিনভর অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও জেলা মৎস্য অফিসার মো. মাসুদুল হাছান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফাতিমা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) চয়ন বড়ুয়া, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লা আল হাসান, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন, সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার।
অভিযানকালে নদীতে জীবিকা নির্বাহকারী জেলে সম্প্রদায় ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, মা ইলিশ রক্ষা করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, ইলিশ উৎপাদনে সমৃদ্ধ হবে দেশ।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট ছিলাম। জেলে এবং মৎস্যজীবীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যা ইতিবাচক।

উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার বলেন, এবারের মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে মৎস্য বিভাগ থেকে সচেতনতামূলক সভা, মাইকিং, ব্যানার, লিফলেট বিতরণসহ নানাভাবে প্রচারণা চালানো হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ, জেলে ও মৎস্যজীবীরা সহযোগিতা করেছেন।
প্রতিনিধি/এফএ