Dhaka Mail Logo

সারাদেশ

নরসিংদীতে বাসে তল্লাশি, ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়।

গ্রেফতার স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালায় রায়পুরা থানা-পুলিশ। এ সময় মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, উদ্ধার করা কার্তুজগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার স্বপ্না আক্তারকে নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস