Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলা: ২৩ বছর পর একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপ কুমার ও তার পরিবারের লোকজন জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হন এবং তাকে মারধর করেন।

এরই জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে মোজাম ও তার এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরে দিলীপ ঘরে ফিরে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা থানায় একটি হত্যা মামলা করেন। 

প্রতিনিধি/এলএ