জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার নামে এক যুবককে হত্যার ঘটনার জেরে প্রতিপক্ষের অর্ধশত বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় দফায় দফায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সকালে কালকিনির কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার। এ সময় বোরকা পরা ব্যক্তিরা ইজিবাইকে এসে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করেন। পরে ধাওয়া করে তাইজুল সরদার ও আল আমিন সরদার নামে আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়।
_Pic_(8)_20261026_192400591.jpg)
এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সোমবার ভোরে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। নিহত তাইজুলের স্বজন ও বিক্ষুব্ধ ব্যক্তিরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিলন সরদারের কর্মী-সমর্থকদের অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একপর্যায়ে কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে হামলাকারীরা পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত তাইজুল সরদারের বয়স ২২ বছর। তিনি মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাইজুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল। তিনি ড্রেজার ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার কালকিনির কালিনগর এলাকার মোতালেব চৌকিদারের ছেলে। অপর আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।
প্রতিনিধি/এসএস